অপরাধ

খাটের নিচ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার


নড়াইলে ৩৮ কেজি গাঁজা সহ রুচিয়া বেগম(৫৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযুক্তের ঘরের খাটের নিচ থেকে বিপুল এই মাদক উদ্ধার করা হয়। 


সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার  গ্রাম থেকে ওই নারীকে আটক করা হয়।নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযান সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মৃত তরিকুল সরদারের বাড়ি থেকে তার স্ত্রী রুচিয়া বেগম নামে এক নারীকে আটক করেন তারা। এরপর রুচিয়া বেগমের ঘরে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। তবে রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী, তার আরেক সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) পলাতক রয়েছেন।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক ওই নারীসহ আরও এক পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকে ব্যবসায়ীর  কোন ছাড় নেই। 

মতামত দিন